নদীর জল নোনা হয় তোমার অশ্রুভারে;
সাগরের ঢেউ পাগল হয়ে মাথা কুটে মরে
স্তম্ভিত নিশ্চল পাথরে পাথরে ।
সেই গভীর গোপন বেদনা ভাসে
যুগ যুগ ধরে বাতাসে বাতাসে,
ঝরা পাতারা জানিয়ে যায় সব ইশারায়
কত সুগন্ধ মনের বনে হারিয়ে যায় ।
দূরে কোথাও মরু বালির ঝড়
স্তূপ ভাঙ্গে গড়ে অশান্ত নিরালায় ।

মরুতে চাপা পড়ে যায় তৃষিত লাশ
হাজার বছর বন্দী হয় রুদ্ধ দীর্ঘশ্বাস;
স্বপ্ন বোনে চাঁদ জ্যোৎস্নার জালে,
আকাশ ডুবে মরে রাতের অন্তরালে ।

ছুঁয়ে যায় তোমার আলো
শিহরণের কানায় কানায়
তবে কেনো পারিনা ছুঁতে তোমায় !
আছো তুমি এখানে,ওখানে, সবখানে
পাই না তোমায় যে তবু কোনোখানে !
ভরপুর শুন্যতা উপচে পড়ে নয়ন ধারায়
রাত যেমন চুইয়ে পড়ে তারায় তারায় ।

আর ঠিক মনে পড়ে না সেই কবে
ভরা নদী হঠাৎ ফলগু হয়ে হারায়,
আকূল তৃষার অমোঘ মোহনায় ।
এতো গভির সত্যি, যেন মায়াবী মিথ্যা মনে হয়,
এই আছো এই নেই, মরীচিকা পথ ভোলায়;
যে পথ বেঁধেছে দুরত্ব অন্তহীন,
যেন হাজার জন্ম মিলেমিশে দিশাহীন ।

© Kakoli Ghosh

One thought on “মরীচিকা

Leave a comment