PC: Kausik Das
আলোর খোঁজে, করেছি আঁধারে প্রবেশ, 
রাতের মত পুড়ছে অসীম সময়
স্বর্ন শিখা জ্বলছে অলক্ষ্যে, অপার, অশেষ;
দেখ আমার আর পড়েনা কোন ছায়া,
পার হয়ে যাই যতো রেশমী মায়া,
পড়ে থাকে পিছে আমার সকল ক্লেশ।

স্বপ্নের পিছুডাক বোঝেনা অনন্ত আঁধার,
অগ্নিহীন শিখায় জ্বলে হাজার প্রত্যাশা,
ছাই হয়ে উড়ে যায় সকল কর্মভার,
চেনা নামে ডাকেনা আর মর্চে ধরা হতাশা।
এখানে তো নেই কোনো পথ চাওয়া,
মনখারাপের সুর তাই হয়না আর গাওয়া।

এ আঁধার জ্বলে আপন আলোয় নিশিদিন,
অন্তরের আলোয় ঘুচবে যত ব্যর্থ কালো,
চলার পথে রইবে পড়ে ব্যাস্ত ধুলো,
আমার মুক্তি ফুটবে তারায় তারায় অন্তহীন;
আলোর খোঁজে হবে স্বাধীন জ্বলন্ত আঁধার,
দেখা হবে নিজের সাথে হয়তো আবার।

© Kakoli Ghosh

কবি নিশীথ সিংহ রায় সম্পাদিত কবিতা সংকলন “প্রতিভার অন্বেষণে” প্রকাশিত।

Leave a comment